ছাত্রীকে উত্ত্যক্তের জের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের সংঘর্ষ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ  করে দুই বিভাগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজনা দেখা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল রবিবার বেলা ২টায় ক্যাম্পাসের লিপুস ক্যান্টিনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অন্তিম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে কয়েক দিন ধরে ফোনে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার জের ধরে গতকাল দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ঐ শিক্ষার্থীসহ আরো কয়েকজন অন্তিমের কাছে বিষয়টি জানতে চাইলে তাদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় বিভাগের শিক্ষার্থীরা লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহান, ফরহাদ, প্রিতুল, সাইফ আল কবির, বাদশা, তাইহান, শফিকুল, মান্না, সেজান ও আইন বিভাগের শিক্ষার্থী অন্তিম, মেহেদি, রানা, মানিক, রিয়াদ, শান্ত, হাসান, রাফিদ, মোরসালিন, রাফি আহত হয়েছে। আহত ফারহান সিফাতকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চার শিক্ষার্থীকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ  করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।