রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল রাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে গেছেন। রাত ৮টা ৩৭ মিনিটে রাষ্ট্রপতি তার স্ত্রী রাশিদা খানমকে নিয়ে হাসপাতালে যান। তিনি ১৫ মিনিট ওবায়দুল কাদেরের শয্যাপাশে অবস্থান করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ কথা জানান।
রাষ্ট্রপতি উপস্থিত চিকিত্সকদের সঙ্গে কথা বলেন এবং ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করেন। চিকিত্সকরা রাষ্ট্রপতিকে জানান, ওবায়দুল কাদেরের অবস্থা এখন ভালো এবং শিগিগরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সভায় যোগদানকালে ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকালে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। গত বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। রাষ্ট্রপতির পরিদর্শনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, রেজোয়ান আহমেদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।