গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশনের পাশে হোম সিগন্যালের রড বুকে বিঁধে চলন্ত ট্রেনের এক যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলম (২৫) জামালপুরের ইসলামপুর থানার কড়ইতলা এলাকার একাব্বর মিয়ার ছেলে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন নূর আলম। তিনি চলন্ত ট্রেনে থাকা অবস্থায় ট্রেনের দরজায় দাঁড়িয়ে শরীর ও মাথা বাইরে রেখে একটু ঝুলে যাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি ধীরাশ্রম স্টেশনের দক্ষিণে থাকা হোম সিগন্যালের একটি রড তার বুকে গেঁথে তাতেই আটকে গিয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই নূর আলম মারা যান। খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। নূর আলম বরিশালে কাজ করতেন। সেখান থেকেই তিনি গ্রামের বাড়ি ফিরছিলেন।