রেলওয়ের সাবেক মহাপরিচালক আবু তাহের ও ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত্ ও ক্যাসিনো কারবারসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত থেকে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ২৩ জানুয়ারি তাদের তলব করে চিঠি দেওয়া হয়।
দুদক সূত্র জানায়, সরকারের চলমান শুদ্ধি অভিযানে গত ২০ সেপ্টেম্বর নিকেতনের নিজ কার্যালয় জিকে বিল্ডার্স ভবন থেকে জিকে শামীমকে আটক করে র্যাব। জি কে শামীমকে জিজ্ঞাসাবাদে প্রায় শতাধিক ব্যক্তির সম্পর্কে ঘুষ দুর্নীতির তথ্যপ্রমাণ পায় দুদক। এরই ধারাবাহিকতায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উল্লেখ্য, ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সালাহউদ্দিন আহমেদ, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর সমন্বয়ে গঠিত সাত সদস্যের একটি টিম।