আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে মুক্তা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কবির হোসেনের বিরুদ্ধে। উপজেলার দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ পুলিশ শনিবার সকালে উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এর আগে শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় স্বামী কবির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। কবির উপজেলার দুপ্তারা কুমারপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে। নিহত মুক্তা খাতুন সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার আউলাদ মিয়ার মেয়ে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক রফিউদ্দোলা জানান,  পারিবারিক কলহের জের ধরে দীর্ঘদিন ধরেই মুক্তার সঙ্গে কবিরের মনোমালিন্য চলছিল। এরই জের ধরে শুক্রবার রাতে যে কোনো সময় তাকে উপর্যুপরি মারধর করে শ্বাসরোধে হত্যা করে কবির লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। একপর্যায়ে সে নিজেই চিত্কার করে লোকজন জড়ো করে। তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।