ধামরাইয়ে নৌকার পক্ষে
প্রচারণা চলছে
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চলছে। পথসভা, উঠান বৈঠক, মিটিং-মিছিল করে উপজেলা জুড়ে নৌকার জন্য ভোট চাইছেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদসহ অন্য নেতা-কর্মীরা। গতকাল শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেঘনা ব্যাংক লিঃ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম নেতা-কর্মীদের নিয়ে ভাকুলিয়াসহ তার ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন। একই দিনে কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রবিউল করিমের উদ্যোগে সমিতির কার্যালয়ে নৌকার পক্ষে ভোট চাওয়া কর্মসূচিকে আরও জোরদার করতে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজার নেতৃত্বে প্রচারণা চলেছে ইউনিয়নের বিভিন্ন স্থানে।
উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়া ইউপির চেয়ারম্যান আহমদ হোসেনের নেতৃত্বে প্রচারণা চলেছে বিভিন্ন স্থানে। ধানের শীষের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিনের নির্বাচনের পথ বন্ধ হওয়ায় আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ের পথ সুগম হয়েছে বলে মন্তব্য অনেকের।
মানিকগঞ্জ-১ আসনে ইসলামী
আন্দোলনের প্রার্থীর প্রচারণা
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আলহাজ খোরশেদ আলমের নির্বাচনী গণসংযোগ অনেকেরই দৃষ্টি কেড়েছে। তিনি গতকাল শনিবার শিবালযের টেপড়া, উথলী, বরংগাইল, আরিচা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা চষে বেড়ান, জোরেসোরে প্রচারণা চালিয়ে যান। এ আসনে আওয়ামী লীগের এমপি নাঈমুর রহমান দুর্জয় নৌকা এবং মুসলিম লীগের ফারুক হোসেন মাসুদ হারিকেন প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
সিরাজদিখানে জাতীয় পার্টির
সিরাজুল ইসলামের গণসংযোগ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম গতকাল শনিবার উপজেলার রাজদিয়া, নিমতলা, রসুনিয়া, মালখানগর ও বয়রাগাদী ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেন। এ সময় তিনি জনগণের কাছে ভোট প্রার্থনা করেন এবং ক্ষমতায় এলে এলাকা ও মানব সম্পদ উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।