এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’। সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, দিলারা জামান, ইন্তেখাব দিনার, গোলাম কিবরিয়া তানভীর, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গওহর, টয়া, হিন্দোল রায় প্রমুখ। মেধাবী নাজিফা ছাত্রী অবস্থায় তার পরিবারের অসম্মতিতে বাউণ্ডুলে মিতুলকে ভালোবেসে বিয়ে করে ফেলে। এর ফলে নাজিফার বাবা মেয়েকে ত্যাজ্য করেন। নাজিফার শ্বাশুড়ি, নাজিফার প্রতি মমত্ব অনুভব করেন। নাজিফাও তার শ্বাশুড়িকে ভালবেসে ফেলে। শ্বাশুড়ি অসুস্থ হলে নাজিফা ও মিতুল প্রায় দেড় বছর সেবা করে শ্বাশুড়িকে বাঁচিয়ে তোলে। এর মাঝেই জন্ম নেয় আরিয়ানা। পারিবারিক এসব ঝঞ্ঝাটের কারণে নাজিফার নিজের পড়াশোনাটা আর হয়না।