জাপানে কর্মী নিয়োগ নিয়ে সতর্ক করেছে দূতাবাস

জাপানে কর্মী নিয়োগের বিষয়ে কোনো আর্থিক লেনদেন কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে আহ্বান জানিয়েছে টোকিওর বাংলাদেশ দূতাবাস। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা বলা হয়েছে।

দূতাবাস থেকে বলা হয়েছে, জাপানে কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশে বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে টোকিওর দূতাবাসও অবগত হয়েছে। সম্প্রতি জাপানে কর্মী সংকটের ফলে দেশটিতে কর্মী নিয়োগে একটি আইন পাস হয়েছে। প্রাথমিকভাবে ৮টি দেশকে কর্মী নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। এ আটটি দেশ হলো- ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার ও পূর্ব এশিয়ার আরো একটি দেশ। তবে এ তালিকায় বাংলাদেশের নাম নেই। তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্তির বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ প্রক্রিয়া আগের মতো অব্যাহত রয়েছে।

জাপানে সরাসরি কর্মী নিয়োগ কিংবা টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগের বিষয়ে বিভ্রান্ত না হয়ে যে কোনো তথ্য জানার জন্য সরাসরি টোকিও দূতাবাসে বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।