রোহিতের ইনজুরি গুরুতর নয়

স্পোর্টস ডেস্ক

নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়ক হয়েই মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু, ফিল্ডিংয়ের সময় আর মাঠেই দেখা যায়নি রোহিত শর্মাকে। কারণ, পঞ্চম টি-টোয়েন্টিতে ব্যাটিং করার সময় কুঁচকির ইনজুরিতে পড়েন তিনি।

ম্যাচ শেষে জানা গেল রোহিতের এই ইনজুরি খুব বেশি গুরুতর নয়। কেবল ঝুঁকি না নেওয়ার স্বার্থেই তাকে আর মাঠে নামানো হয়নি। তার পরিবর্তে মাঠে দলকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল বলেন, ‘রোহিত ঠিক আছেন। দুঃখজনক একটা ইনজুরি। আমি মনে করি কয়েক দিনের মধ্যেই সে সুস্থ হয়ে উঠবে।’ বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে রোহিতের সর্বশেষ অবস্থার কথা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ‘রোহিত শর্মার ইনজুরি গুরুতর কিছু নয়। তবে, তার দিকে আমাদের সার্বক্ষণিক নজর থাকছে। তার দেখভালে কোনো কমতি রাখা হবে না।’

ম্যাচে রোহিত তিন নম্বরে ব্যাট করেন। একটা ছক্কা হাঁকাতে গিয়ে বাঁ পায়ের কুঁচকির ইনজুরিতে পড়েন। এরপরই তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। আর মাঠে ফেরা হয়নি। যদিও, এর আগে দারুণ স্বাচ্ছন্দ্যেই খেলে গিয়েছেন ৪১ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন। ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এই নিয়ে দ্বিতীয় বারের মতো নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো ব্ল্যাক ক্যাপরা। আর এটাই প্রথমবারের মতো কোনো দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার নজির।