শেরপুরে মেয়র গোল্ডকাপ ফুটবল
শেরপুর প্রতিনিধি
শেরপুর পৌরসভার ১৫০ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত মেয়র গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় ৮ নম্বর ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার স্থানীয় শহিদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত ফাইনালে দলটি ১-০ গোলে ৫ নম্বর ওয়ার্ড একাদশকে হারিয়ে শিরোপা তুলে নেয়। শাহজাহান ইসলাম লিমন একমাত্র গোলটি করেন। লিমন ম্যাচের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা হয়ে ‘গোল্ডেন সু’ পুরস্কারও পান।
জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়্যেদ এ জেড মুরশিদ আলী, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।