বিবেচনায় আছেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার

প্রথমে সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হলো—এক টেস্টের দল। এরপর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, এটা পাকিস্তানের বিপক্ষে দুটি ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি, তিন টেস্টেরই দল। গতকাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আবার বললেন, তিনি জানেন যে, দলটা আসলে শুধু পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য। ফলে তিনি সুযোগ দেখছেন এই দলে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের খেলার।

এই দলটা কয় টেস্টের সে নিয়ে ভ্রান্তি কাটাতেই কোচ বললেন, ‘আমি যতদূর জানি, এটা একটা টেস্টের জন্যই স্কোয়াড। এরপর আমরা দেশে ফেরার পর এই স্কোয়াডকে পুনর্মূল্যায়ন করব।’

পাকিস্তানের বিপক্ষে তিন দফা সফরের কোনো পর্যায়ে সেখানে যাবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন মুশফিক। ফলে পাকিস্তানের বিপক্ষে দলে তাকে রাখা যায়নি। এদিকে সমস্যা হলো। মাঝে বাংলাদেশ একটা টেস্ট খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। এই এক টেস্টের জন্য তাকে আবার দলে ফেরানো মানে একটু হলেও ছন্দ নষ্ট করা।

এসব জটিলতা মাথায় রেখেই ডমিঙ্গো বলছিলেন, এটা কঠিন একটা সিদ্ধান্ত। তবে তিনি মুশফিকের খেলার সম্ভাবনা বাতিল করে দেননি, ‘আমাদের মনে রাখতে হবে যে, মুশফিক সবশেষ ম্যাচে রান পেয়েছে। আবার একই সঙ্গে আমাদের এটাও বিবেচনা করতে হবে যে, একটা ব্যাটিং লাইনআপ ঠিক করা, এক ম্যাচের জন্য এর পরিবর্তন করা আবার তৃতীয় টেস্টের জন্য পরিবর্তন করা—এটা সমস্যা। আমি ছেলেদের টানা খেলার সুযোগ দিতে চাই, আবার আমাদের এটাও বিবেচনায় রাখতে হবে যে, ভারতে মুশফিক ছিল আমাদের সেরা খেলোয়াড়।’