ছোটোদের ভারত পাকিস্তান লড়াই আজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনাল

নিউজিল্যান্ডের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

রাজনৈতিক বৈরিতায় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। বৈশ্বিক কোনো আসর বাদে এখন আর ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াই দেখা যায় না বললেই চলে। ফলে, ভারত-পাকিস্তানে লড়াই এখন বিরল একটা ব্যাপার। সেজন্যই আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে দুই দলের দ্বৈরথও অন্যরকম উত্তেজনা ছড়াচ্ছে।

কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭৪ রানের বড় ব্যবধানে হারায় ভারত। অন্যদিকে পাকিস্তান সেমিফাইনালে উঠেছে আফগানিস্তানকে হারিয়ে। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের অভয় দিলেন দেশটির সাবেক পেসার জহির খান।

তিনি বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দলের ছেলেরা বেশ ভালো করছে। বিশ্বকাপে তারা অনেকবারই শক্ত কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছে, কিন্তু খুব দক্ষতার সাথেই সেখান থেকে দলটা বের হয়ে এসেছে। এজন্যই বিশ্বকাপে তারা এতদূর আসতে পেরেছে। আশা করি, পাকিস্তানের বিপক্ষেও নিজেদের সক্ষমতা অনুযায়ী খেলবে তারা।’

বড়ো ম্যাচের চাপ নেওয়ার ব্যাপারে জহির খান বলেন, ‘আমরা যখন ভারত-পাকিস্তান ম্যাচের কথা বলি, তখন আসলে সেটা আর কেবলই সামান্য একটা ম্যাচ থাকে না। আর বিশ্বকাপ বলেই এর গুরুত্ব আরো বেশি। আমি মনে করি, এই বয়সেই ওরা পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে। এটাকে চাপ নয়, বরং অনুপ্রেরণা হিসেবে দেখা উচিত।’

সেমিফাইনালের অপেক্ষায় আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে বড়ো ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে আকবর আলীর দল। ছয় ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেদিন বাংলাদেশ সময় বেলা ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে পচেফস্ট্রমের সেনওয়েস পার্কে।