দেশপ্রেম বিবর্জিত মানুষ ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হলেও সামষ্টিকভাবে গণমানুষের কল্যাণে আসে না। তাই জনগণকেই বেছে নিতে হবে আমরা দেশপ্রেমিকদের সাথে থাকবো, নাকি দেশপ্রেম বিবর্জিত স্বাধীনতা বিরোধীদের পক্ষে যাবো। আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের। এ জন্যে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে তরুণ ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
গতকাল শনিবার সকালে কাকরাইলে বিজয় দিবস উপলক্ষে আইডিইবি আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ : বর্তমান প্রেক্ষাপটে করণীয় ও বিজয় ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান বলেন, দেশপ্রেম বিবর্জিত মানুষ ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হলেও সামষ্টিকভাবে গণমানুষের কল্যাণে আসে না। আমাদের বেছে নিতে হবে আমরা দেশপ্রেমিকদের সাথে থাকবো, নাকি দেশপ্রেম বিবর্জিত স্বাধীনতা বিরোধীদের পক্ষে যাবো। বাংলাদেশের জন্মসৃষ্টি লগ্নে বিশ্বের প্রতিথযশা অর্থনীতিবিদদের উক্তি উল্লেখ করে তিনি বলেন, তাদের সকল শংকা উড়িয়ে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের উন্নয়নের অংশীজন হবার জন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হবার প্রয়োজন নেই, ব্যক্তি সদিচ্ছা দিয়ে উন্নয়নের চিত্র মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে অর্জিত উন্নয়ন-অগ্রগতির জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাঙালির বিকাশমান ধারার তিনটি কালকে মূল্যায়ন করলে বর্তমান ও ভবিষ্যত্ প্রজন্মের স্বার্থে মৌলবাদ, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ ও মাদক নির্মূলে শেখ হাসিনার নেতৃত্বই ভরসা। তিনি বলেন, এদেশের গণমানুষের ভাগ্যোন্নয়ন ও অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা সোচ্চার ছিল, যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আমাদের একটি জাতীয় পরিচিতি দিয়ে গেছেন। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে ব্যতিক্রমী পরিচিতি প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, অপার সম্ভাবনার যে ক্ষেত্র শেখ হাসিনার নেতৃত্বে সূচিত হয়েছে, তা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরে ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকের উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। তিনি বলেন, বিজয়ের মাসে আবারও আমরা শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় বিজয় লাভ করে সুশাসনের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো।
সভাপতির বক্তব্যে এ কে এম এ হামিদ বলেন, জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ষড়যন্ত্রের পথে হাঁটবো, নাকি উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবো। আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের জন্য, তাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে তরুণ ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।