গ্রাফিক নভেল ‘মুজিব’ সপ্তম খণ্ডের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা উদ্বোধন শেষে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) স্টলে গ্রাফিক নভেল ‘মুজিব’র সপ্তম খণ্ডের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতে বইটি তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার পুত্র সিআরআই ট্রাস্টি ও গ্রাফিক নভেল ‘মুজিব’-এর প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক। বইটি হাতে নিয়েই প্রধানমন্ত্রী বলেন, ‘এইটা তো সেই বই, তাই না।’

প্রধানমন্ত্রীর এই উক্তির কারণ বইটির সম্পাদনায় সরাসরি অংশগ্রহণ ছিল তার। শিশু-কিশোরদের জন্য তৈরি গ্রাফিক নভেল মুজিবের সপ্তম খণ্ডে উঠে আসে তত্কালীন দুর্ভিক্ষের চিত্র। আর সেখানে মানুষের অবয়ব পরিবর্তন করে রুগ্ণ ও শীর্ণ করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেমনটা দুর্ভিক্ষের সময় ছিল। শুধু তাই নয়, বইটির সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভুলগুলো খুঁজে বের করে তা ঠিক করে দেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত অধ্যাপক আনিসুজ্জামানসহ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্য অতিথিদের হাতে এক সেট করে বই তুলে দেওয়া হয়। মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন সিআরআই-এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, বইটির সম্পাদক শিবু কুমার শীল, কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়সহ সিআরআই-এর অন্য কর্মকর্তাবৃন্দ।