এবি ব্যাংকের ম্যানেজারসহ দুই জনের বিরুদ্ধে মামলা

ইত্তেফাক রিপোর্ট

সাড়ে ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের ম্যানেজারসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক অনুসন্ধানকারী কর্মকর্তা মামুনুর রশীদ চৌধুরীর অনুসন্ধান প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল সোমবার কমিশন মামলা দায়েরের এ অনুমোদন দেয়। অনুমোদিত মামলায় যাদের আসামি করা হচ্ছে তারা হলেন—চট্টগ্রাম খুলশীর রিজেন্ড হোল্ডিংসের সৈয়দ মোহাম্মদ আবদুল হাই (এস এম আবদুল হাই) ও এবি ব্যাংক লিঃ এর চট্টগ্রামের আগ্রাবাদ শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ ইসহাক চৌধুরী।

অনুমোদিত মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের ৮ মে একটি এলসির মাধ্যমে আসামিরা মোট ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় মোট ৫৯ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের জাহাজ ভাঙা স্ক্যার্প আমদানি করেন। আমদানিকৃত এসব মালামাল বিক্রিপূর্বক মার্জিন এবং প্রদানকৃত টাকা বাদ দিয়ে মোট ৪৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে ব্যক্তিস্বার্থে আত্মসাত্ করে।