পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমণি এলাকা থেকে গতকাল সোমবার একটি মৃত বাঘ উদ্ধার করেছেন বনরক্ষীরা। আজ মঙ্গলবার ময়নাতদন্ত করে বাঘটি মাটিচাপা দেওয়া হবে বলে জানা গেছে।
সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, কোকিলমণি টহলফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহল দেওয়ার সময় বনের কবরখালী খালের পাড়ে একটি বাঘ মৃত অবস্থায় দেখতে পায়। বাঘটির পেছনের অংশ পচে মাটির সঙ্গে মিশে গেছে। তাদের ধারণা, বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যাওয়ার পরে পিছনের কিছু মাংস কুমির খেয়ে ফেলেছে। সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন জানান, আজ মঙ্গলবার ময়নাতদন্ত করে বাঘটিকে মাটিচাপা দেওয়া হবে। এর আগে ২০১৯ সালের ২০ আগস্ট সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালীর বনে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করে বনরক্ষীরা।