এসএসসির প্রথম দিনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৫ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষা বোর্ডে। বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো শিক্ষক বহিষ্কার হননি।
শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম দিন অনুপস্থিত ছিল ১ হাজার ৮২৫ জন, চট্টগ্রামে ৪০০ জন, রাজশাহীতে ৬৫৩ জন, বরিশালে ৩৫৪ জন, সিলেটে ৩৫৮ জন, দিনাজপুরে ৪৭০ জন, কুমিল্লায় ৪৯৯ জন, যশোরে ৫৩৬ জন এবং ময়মনসিংহে অনুপস্থিত ছিল ৩৫২ জন। আর চট্টগ্রাম বোর্ডে দুই জন; বরিশাল, দিনাজপুর ও যশোর বোর্ডে একজন করে শিক্ষার্থী বহিষ্কৃত হয়।
গতকাল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষা নিয়ে কোথায়ও কেউ যাতে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তত্পর আছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, কেউ যেন প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ৫ হাজার ৫৮০ সেট প্রশ্ন প্রণয়ন করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে।