সংসদে প্রশ্নোত্তরে আইনমন্ত্রী

জামিন জালিয়াতি বন্ধে সরকার বদ্ধপরিকর

আদালতে জামিন জালিয়াতি বন্ধে প্রকৃত অপরাধীদের শনাক্তকরণসহ ফৌজদারি আইনে বিচারের সম্মুুখীন করার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এ ধরনের জালিয়াতি বন্ধে সরকার বদ্ধপরিকর।

গতকাল সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য এম আবদুল লতিফ।

মন্ত্রী জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টে অনলাইন বেইলকনফারমেশন সফটওয়্যার সিস্টেম চালু রয়েছে, যার মাধ্যমে অধস্তন আদালত উচ্চ আদালত কর্তৃক প্রদত্ত জামিনের সত্যতা যাচাই করে নিশ্চিত হতে পারছে। সরকারি দলের আরেক সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, দেশের বিভিন্ন আদালতে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছরের অধিক অনিষ্পন্ন বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৭৩ হাজার ১৭৮টি। তার মধ্যে অনিষ্পন্ন বিচারাধীন ফৌজদারি মামলা ২ লাখ ২১ হাজার ১০৮টি ও অনিষ্পন্ন বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭০টি।