করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র :চীন

চীন অভিযোগ করেছে, করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র আতঙ্ক ছড়াচ্ছে। দেশটি প্রথমবারের মতো ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে এই কাজ করে বলে অভিযোগ বেইজিংয়ের। এই ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র গত শুক্রবার জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে। গত দুই সপ্তাহের মধ্যে যারা চীন সফর করেছে, তাদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবে না বলেও ঘোষণা দেয়। তারপরই চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ করল। এদিকে হংকং গতকাল চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। খবর সিএনএন ও বিবিসির

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রে এসব পদক্ষেপের ফলে বরং আতঙ্ক ছড়িয়ে পড়বে। চীনে এ পর্যন্ত ১৭ হাজারের বেশি করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এই সংকটে সাহায্যের প্রস্তাব দেওয়ার পরিবর্তে বরং আতঙ্ক ছড়াচ্ছে। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র হচ্ছে প্রথম দেশ যারা চীনাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে এবং চীন থেকে তাদের দূতাবাসের কিছু কর্মীকে সরিয়ে নেয়। তিরি আরো বলেন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ, যাদের কিনা মহামারি ঠেকানোর শক্তিশালী ব্যবস্থা আছে, তারাই কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ না মেনে মাত্রাতিরিক্ত বিধিনিষেধ আরোপ করল।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর অস্ট্রেলিয়াসহ আরো কয়েকটি দেশও চীনা নাগরিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছিল যে, সীমান্ত বন্ধ করে দিলে ভাইরাসের সংক্রমণ আরো দ্রুত ছড়াবে, কারণ তখন লোকজন অন্যপথে বিভিন্ন দেশে ঢোকার চেষ্টা করবে। চীনের মূল ভূখণ্ডে এ পর্যন্ত করোনায় ৩৬২ জন মারা গেছে। অন্যদিকে চীনের বাইরে ১৫০ জনের বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিপাইনে একজন মারা গেছে। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম গতকাল চীনের সঙ্গে আরো সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছেন। জনগণের চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন।