রাজধানীর বাসাবোর মান্ডা খালে নিখোঁজ হওয়া শিশু আসাদুলের (৪) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তিন দিন আগে কদমতলীর খালে তলিয়ে যাওয়া শিশু তোহামনি এখনো নিখোঁজ রয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে শিশু আসাদুল অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। এর কিছুক্ষণ পরই খালে পড়ে আবর্জনার ভেতরে হারিয়ে যায়। এ সময় স্থানীয়রা আসাদুলকে না পেয়ে ফায়ার সার্ভিসে যোগাযোগ করে। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। শিশুটিকে উদ্ধারে অভিযান চালান ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিন জন ডুবুরি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ জানান, শনিবার রাতে স্থগিত করার পর সোমবার সকালে আবারও অভিযান চালিয়ে আসাদুলের লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে, শনিবার বিকালে কদমতলী থানা এলাকার মিরাজনগরে তোহামনি নামে পাঁচ বছরের একটি শিশু খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের তিন জন ডুবুরি গভীর রাত পর্যন্ত তল্লাশি করে ঐ শিশুকে জীবিত বা মৃত উদ্ধার করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তোহামনি নিখোঁজ রয়েছে। ফারুক হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, তোহামনি বল আনতে খালের কাছে গেলে পড়ে যায়। খালটি কাদা ও ময়লা-আবর্জনায় ভরা। এ কারণে শিশুটি তলিয়ে যাওয়ার পর সন্ধান পাওয়া যাচ্ছে না। তোহার বাবার নাম এরশাদ। বাসা মিরাজনগরের পাশের মোহাম্মদনগর কালভার্ট এলাকায়। ঘটনাস্থলের পাশেই শিশুটির বাবার একটি কনফেকশনারি রয়েছে।