গার্মেন্টস খাতের সমস্যা সমাধানে কাজ করবে অর্থ মন্ত্রণালয়

গার্মেন্টস খাতের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে জানাতে গতকাল সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাত্ করেন এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নেতারা। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত  বৈঠকে বিজিএমইএর পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ড. রুবানা হক।

বৈঠক সূত্র জানিয়েছে, গার্মেন্টস খাতের বিদ্যমান সংকটময় পরিস্থিতি সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তোলা হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন। এর ভিত্তিতে কী ধরনের সুবিধা দেওয়া যায়, কিংবা আগামী বাজেট ঘোষণার আগেই কোনো ধরনের সুবিধা দেওয়া যায় কি না, তা নিয়ে মন্ত্রণালয় কাজ করবে বলেও জানানো হয়।

গত বাজেটে সব ধরনের রপ্তানি খাতকে ১ শতাংশ হারে বিশেষ নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া রপ্তানির উেস কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করা হয়। অন্যদিকে নগদ সহায়তার উেস কর ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অবশ্য গত কয়েক মাস ধরে গার্মেন্টস পণ্য রপ্তানি কমতির দিকে। এ পরিস্থিতিতে বিজিএমইএর পক্ষ থেকে পোশাক রপ্তানি থেকে প্রাপ্ত অর্থের বিনিময় মূল্যে (ডলারের বিপরীতে) ৫ টাকা করে বাড়তি চাওয়া হয়েছে।