ঠাকুরগাঁওয়ে ২৩শত পিস ইয়াবাসহ আটক ১

ঠাকুরগাঁওয়ে জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ বোরহান আলী (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

শনিবার দিবাগত রাত ১২ টায় ডিবি পুলিশের একটি চৌকস দল শহরের ছোটখোচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার দলুয়া গ্রামের আব্বাস আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলের লক্ষ্যে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এর অংশ হিসাবে শনিবার রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল শহরের ছোটখোচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৩০০পিস ইয়াবাসহ বোরহান আলী (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

ডিবি পুলিশের এসআই শামীম জানান, তার বিরুদ্ধে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়তে পারেন: চাচার দুই চোখ তুলে নিল দুই ভাতিজা

ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান বলেন, মাদক নির্মূল করার লক্ষ্যে জেলা পুলিশ বদ্ধ পরিকর। মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানোর জন্য এভাবেই নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ইত্তেফাক/মোস্তাফিজ