নতুন সিনেমায়...

বিনোদন রিপোর্ট

প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করছেন নাট্যাভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমার নাম ‘রাতজাগা ফুল’। গত ডিসেম্বর থেকেই অনেকটা গোপনে চলছে সিনেমাটির শুটিং।

ছবিটিতে জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনয় করলেও এর নায়ক কে তা এখনো প্রকাশ করেননি ছবিটির নির্মাতা। বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে ‘রাতজাগা ফুল’ সিনেমার নায়ক আবু হুরায়রা তানভীর। যিনি এর আগে গহীন বালুচর সিনেমায় অভিনয় করেছিলেন।

এ বিষয়ে আরো জানা গেছে,  এরইমধ্যে রাত জাগা ফুল ছবিটির শুটিংয়েও অংশ নিয়েছেন তানভীর। ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। পূবাইল, কালিয়াকৈর, বরিশাল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়। এরইমধ্যে ছবিটির বেশিরভাগ অংশের দৃশ্যধারণ শেষ।

এই বিষয়ে জানতে নির্মাতা মীর সাব্বিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত রয়েছেন বলে জানান। অন্যদিকে তানভীরও একই কথা জানান।

রাতজাগা ফুল সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। সেইসঙ্গে এই ছবির একাধিক গানও লিখেছেন তিনি।