সুজানগর (পাবনা) সংবাদদাতা
পাবনার সুজানগরের নাজিরগঞ্জ-হাসামপুর সড়কটি নামেই পাকা রাস্তা। এর অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে গিয়ে চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য হারুন শেখ জানান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন চার কিলোমিটার দীর্ঘ ঐ সড়কটি গত ৮-১০ বছর আগে পাকা করা হয়। এর দুই-তিন বছর পর সড়কের অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে গেলে কর্তৃপক্ষ সংস্কার করেন। কিন্তু আবার কার্পেটিং উঠে যায়। স্থানীয় বাসিন্দা হোসেন সরদারসহ এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত দুই-তিন বছর আগে সড়কটি সংস্কার করা হয়। সংস্কারের কিছুদিনের মধ্যেই এর কার্পেটিং উঠে যায়। তাছাড়া সড়কটি দিয়ে প্রতিদিন বালু ভর্তি ভারী ট্রাক চলাচল করে। এতে সড়কের বেশিরভাগ জায়গা থেকে কার্পেটিং উঠে পাকা ঐ সড়ক কাঁচায় পরিণত হয়ে গেছে।
সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত জনসাধারণ ভ্যান এবং সিএনজিসহ বিভিন্ন যানবাহনযোগে নাজিরগঞ্জ বাজারসহ উপজেলা সদরে যাতায়াত করেন। সেই সঙ্গে এলাকার শিক্ষার্থীরা একমাত্র সড়ক দিয়ে নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজসহ স্থানীয় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। কিন্তু সড়কটির কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় এলাকার সর্বস্তরের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান বলেন, সড়কটি সংস্কারের ব্যাপারে উপজেলা প্রকৌশল বিভাগকে বার বার বলা সত্ত্বেও কোনো উদ্যোগ গ্রহণ করছেন না।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবুল হাশেম বলেন, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।