সংযোগ সড়ক ছাড়াই পাকা সেতু

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীতে খালের ওপর কালভার্ট নির্মাণ করা হলেও সংযোগ সড়কে মাটি ভরাট না করায় এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বড়গুণি হাট সড়কে গত ২০১০-১১ অর্থবছরে খালের ওপর এলজিআরডি কালভার্টটি নির্মাণ করে। এটি নির্মাণের পর সড়ক থেকে কালভার্টটির উচ্চতা তিন ফুট বেড়ে যায়। দীর্ঘ ১০ বছর যাবত্ই এ অবস্থা চলছে। স্থানীয় স্বপন কুমার মণ্ডল জানান, আশপাশে পাঁচ-সাতটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করে। মালামাল নিয়ে যাতায়াতেও সমস্যা হয়। মাঝেমধ্যে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে অনেককে। স্থানীয় ইউপি সদস্য হাসিনা বেগম জানান, বিষয়টি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু কোনো কাজে আসেনি। উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাকারিয়া ইসলাম জানান, এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।