লাখাইয়ে ধারালো অস্ত্রের আঘাতে এক জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার আমানুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঐ গ্রামের বাসিন্দা ধনু মিয়ার ছেলে মফিজুল মিয়া।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, মফিজুল মিয়ার খামারের হাঁস প্রতিবেশী বয়াতুল মিয়ার জমিতে গেলে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বয়াতুলের হাতে থাকা ধারালো দা দিয়ে ঘাড়ে কোপ দিলে মফিজুল ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর বয়াতুলসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আসামিকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।