বাঘা (রাজশাহী) সংবাদদাতা
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অবশেষে মঙ্গলবার বাঘার পদ্মায় বালু উত্তোলন বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। পুলিশের সহযোগিতায় নির্বাহী কর্মকর্তা পদ্মায় নামেন এবং ১৮টি পরিবহনকে ২০০ টাকা করে জরিমানা ও বালু উত্তোলন বন্ধ করেন। নদীতীরবর্তী এলাকার কৃষক আব্দুস ছামাদ, হাফিজুর রহমান, কাশেম প্রামানিক ও আনজারুল হাসানসহ অনেকেই বলেন, বর্তমানে যারা বালু উত্তোলন করছে তারা অত্যন্ত সংঘবদ্ধ। তারা প্রভাব খাটিয়ে এলাকার কৃষকদের বাধা উপেক্ষা করে এতদিন বালু উত্তোলন করে আসছিল। নিরুপায় হয়ে আমরা গত ২৮ জানুয়ারি স্থানীয় এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে লিখিত অভিযোগ করি। অভিযোগের সত্যতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি। সুপারিশের পর মঙ্গলবার সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা বলেন, বাঘার পদ্মায় জেলা প্রশাসক ও খনিজ মন্ত্রণালয় থেকে যে স্থানে বালু উত্তোলনের নির্দেশ রয়েছে সেই স্থানটির নাম ‘রাজাপুর চক’। অথচ বালু উত্তোলন করা হচ্ছে কালিদাসখালি মৌজার নারায়ণপুর সড়কঘাট এলাকার পদ্মায়। গ্রামবাসীর অভিযোগ পেয়ে ঐদিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালাই। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮টি পরিবহনকে ২০০ টাকা করে জরিমানাসহ বালু উত্তোলন বন্ধ ঘোষণা করেছি।