ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজের দাম আবারও বেড়েছে। তিন দিনের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। মঙ্গলবার শৈলকুপা হাটে পাইকারি প্রতি কেজি মুড়িকাটি পেঁয়াজে ১২৫ থেকে ১৩২ টাকা দরে বিক্রি হয়। একই হাটে খুচরা প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়। তিন দিন আগে শনিবার একই হাটে পাইকারি প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়। আর খুচরা প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছিল। শৈলকুপা উপজেলার দহকুলা গ্রামের চাষি সবুজ হোসেন বলেন, ৯ কাঠা জমিতে মুড়িকাটি পেঁয়াজ চাষ করেন। ফলন ভালো হয়নি। মোট ২৫০ কেজি পেঁয়াজ হয়েছে। মঙ্গলবার শৈলকুপা হাটে ১৩২ টাকা কেজি দরে বিক্রি করেছেন। তিনি বলেন, মুড়িকাটি পেঁয়াজ প্রায় শেষ পর্যায়ে। নতুন পেঁয়াজ উঠতে ২০ দিন সময় লাগবে বলে তিনি জানান। ব্যবসায়ী মুশিউর রহমান জানান, হাটে পেঁয়াজের আমদানি খুব কমে গেছে। মোবাইল ফোনে খোঁজ নিয়ে জেনেছেন রাজবাড়ি, ফরিদপুর, পাবনা ও রাজশাহীর পেঁয়াজের মোকামগুলোতেও দাম বেড়ে গেছে। নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলে জানান তিনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস বলেন, চলতি মৌসুমে জেলায় ৯ হাজার ২০ হেক্টরে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পেঁয়াজ চাষও শেষ পর্যায়ে রয়েছে।