ইত্তেফাক রিপোর্ট
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের হাসপাতালগুলোয় চিকিত্সার জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি করা হবে। গতকাল মঙ্গলবার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি সুস্থ জাতি অপরিহার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি সুস্থ-সবল জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে দেশের হাসপাতালগুলোতে রোগীদের যথাযথ চিকিত্সা সেবা নিশ্চিত করতে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতে এ সুবিধা আরো বৃদ্ধি করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ অনেক সময়ই চিকিত্সা সেবা গ্রহণের জন্য বিদেশে যান। এতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। যদি তাদেরকে এদেশেই চিকিত্সা সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা যায় তবে এই অর্থের সাশ্রয় হবে। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক এ এ এম নছিহুল কামাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।