পাকিস্তান দল নিয়ে দ্বিমত রশিদ লতিফের

রাওয়ালপিন্ডি টেস্ট

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের টেস্ট স্কোয়াড নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ও অধিনায়ক রশিদ লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

৫১ বছর বয়সি রশিদ লতিফের মতে, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ দেওয়া উচিত ছিল ওপেনার ইমাম উল হককে। রশিদ বরং বাদ পড়া বাঁ-হাতি স্পিনার কাশিফ ভাট্টিকে দলে রাখার পক্ষে। তিনি আরো মনে করেন, যদি একাদশে বিলাল আসিফকে খেলানোই হয় তাহলে লেগ স্পিনার ইয়াসির শাহকে জায়গা দেওয়া যাবে না। সেক্ষেত্রে তারও বাদ পড়া উচিত ছিল।

তিনি বলেন, ‘যখন আপনি কোনো পরিবর্তন স্কোয়াডে আনবেন, তখন আগে বুঝতে হবে আপনি যাদের নিচ্ছেন তাদের আদৌ একাদশে জায়গা দিতে পারবেন কি না। হয়তো পিসিবি ঘাসের উইকেটে খেলাবে যাতে পেস বোলারদের ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ইয়াসির শাহকে রাখার কোনো মানেই হয় না। বিলাল আসিফ এই ক্ষেত্রে একাদশে জায়গা পাবেন। বিলালের অ্যাকশন নিয়ে একটু সমস্যা ছিল, কিন্তু সেটা তিনি কাটিয়ে উঠেছেন। কাশিফ ভাট্টির জায়গা হারানোর কথা ছিল না। বরং আমি মনে করি, ইমাম উল হকের এই স্কোয়াডে থাকার কথা নয়।’

কোচ ও নির্বাচকের দ্বৈত দায়িত্ব পালন করা মিসবাহ উল হক ও পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের সমালোচনা করতে এক বিন্দুও ছাড় দেননি ১৬৬টি ওয়ানডে ও ৩৭টি টেস্ট খেলা রশিদ। তিনি বলেন, ‘দলের সবার প্রতিই আমাদের সবার সমান সমর্থন আছে। কিন্তু, আমি শুধু এটা প্রমাণ করতে চাই যে, টিম ম্যানেজমেন্ট দল নির্বাচনের যে ব্যাখ্যা দিয়েছে সেটা সত্যি নয়। তারা সবার চোখে ধুলো দিচ্ছেন। আর তারা যদি এটা করতেই থাকেন, তাহলে ভবিষ্যতে যা বলবেন সেটাও আমরা বিশ্বাস করব না।’