এএফসি কাপ ফুটবল
সোহেল সারোয়ার
এএফসি কাপ ফুটবলে আবাহনী আজ আবার তাদের মিশন শুরু করছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল পাঁচটায় আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস রিক্রিয়েশন ক্লাব। এই ম্যাচের পর ১২ ফেব্রুয়ারি ফিরতি ম্যাচ খেলতে হবে। দুই ম্যাচের হিসেবে আবাহনী যদি এগিয়ে থাকে তাহলে দ্বিতীয় পর্বে যাবে আবাহনী। দুই ধাপ পার হয়ে আবাহনীকে এএফসি কাপের গ্রুপ পর্বে ঢুকতে হবে।
অতএব প্রথম ম্যাচেই আবাহনীর ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। আবাহনী মনে করছে দুই ম্যাচের মধ্যে আজ প্রথম ম্যাচই গুরুত্বপুর্ণ। আজ যদি জেতা যায় তাহলে মালদ্বীপে গিয়ে ফিরতি ম্যাচটা একটু সহজ হবে। আর যদি আজ না জেতা হয় তাহলে ফিরতি ম্যাচটা আরো কঠিন হয়ে যাবে তাদের মাঠ,দর্শক পরিবেশের বিপক্ষে লড়াই করতে হবে। ততদূর যাওয়ার আগে আজকে প্রথম ম্যাচ জিতেই ফিরতি ম্যাচটা সহজ করে রাখতে চায় আবাহনী। যে কারণে আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমস সংবাদ সম্মেলন শেষে বললেন, ‘ঢাকায় হোম ম্যাচটি আমার জন্য ফাইনাল ম্যাচ। জিতে গেলে ওখানে (মালদ্বীপ) গিয়ে আমি একটু সহজে খেলতে পারব। বাড়তি চাপটা এখানেই কমিয়ে ফেলতে চাই।’
কাজটা যে মোটেও সহজ নয় সেটি বুঝতে পারছে আবাহনী। বাংলাদেশের বিপক্ষে মালদ্বীপের সাম্প্রতিক ফুটবল পারফরম্যান্স এমনটাই বলে দিচ্ছে। এএফসি কাপ ফুটবলে এই মাজিয়ার বিপক্ষে দুই বার খেলে আবাহনী দুই বারই হেরেছে ২০১৭ সালে। সাইফ স্পোর্টিং ক্লাব মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের বিপক্ষে হেরেছে। যদিও এই রেডিয়েন্ট ক্লাবটিকে নীলফামারীতে এনে প্রীতি ম্যাচে হারিয়েছিল বসুন্ধরা কিংস, মালদ্বীপের কাছে প্রীতি ম্যাচে বাংলাদেশ ৫ গোলে জিতেছিল। প্রীতি ম্যাচের বাইরে অফিসিয়াল ম্যাচের হিসাবের চিত্র সুখকর নয়। অথচ এক সময় মালদ্বীপকে ৮ গোলে হারিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সাড়া ফেলে দিয়েছিল। সেই দিন আর এখন নেই। এখন মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগে অনেক চিন্তা-ভাবনা করতে হয়। এ কারণেই আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমস বলছেন, ‘ম্যাচ জেতার এটাই সবচেয়ে ভালো সময়।’
মাজিয়ার বর্তমান সার্বিয়ান কোচ মারিয়ান সেকোলোভস্কি দায়িত্বে ছিলেন। ২০১৭ সালে খেলা ছয় জন আছেন বর্তমান দলে। জাতীয় দলের আছেন আট জন। মালদ্বীপের লিগে ২০ ম্যাচ খেলে একটি হেরেও মাজিয়া লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এই মাজিয়ার বিপক্ষে আবাহনী একটিবারও জিততে পারছে না। মাজিয়ার সার্বিয়ান কোচ মারিয়ান সেকোলোভস্কি কালও হুমকি দিয়ে আবাহনীকে বলেছেন টার্গেট নিয়ে এসেছি ম্যাচ জিতবো এখানে। এই ম্যাচ জিতলে আমাদের মাঠে গিয়েও আমরা জিততে পারব।’ পাশে বসা সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক ইরফান যোগ করলেন। বললেন,‘আমরা ম্যাচের শেষ মিনিট পর্যন্ত ফাইট করব। রেজাল্ট বের করব।’
মাজিয়ার বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ আছে আবাহনীর। যদিও তখন কোচ মারিও লেমস ছিলেন না। তারপরও লেমস বললেন, ‘আমরা জয়ের জন্য ক্ষুধার্ত।’
প্রিমিয়ার লিগে আবাহনী গোল করেছে, গোল হজমও করেছে। আজকে গোল হজম করা যাবে না বলে কোচ সাবধান করে দিয়েছেন তার খেলোয়াড়দের। বলেছেন, ‘ডিফেন্সের কাজ শুধু ডিফেন্স করা নয়। প্রতিপক্ষকে গোল করতে না দেওয়াও একটি বড়ো কাজ।’ স্ট্রাইকার জীবনে ফেরা খুশি হয়েছেন কোচ। কিরগিজ ফুটবলার এডগারের অভিজ্ঞতা কাজে লাগবে। মারিও লেমস বললেন, ‘এডগার জানে কি করতে হবে। সে মালয়েশিয়ায় খেলেছে, টেকনিক্যাল দিক থেকে অনেক উন্নত। সবচয়ে বড়ো কথা হচ্ছে আমি পর্তুগীজ বলে আমি ফুটবলে সেরা। আর্জেন্টিনা সেরা, ব্রাজিল সেরা। বাংলাদেশের ফুটবলারদের বুঝতে হবে সেও তার মাঠে সেরা হতে পারে। সবসময় তাদেরকে বলি কেন পারবা না, আমাকে পারতে হবে। এটা মাথায় ঢোকাও।’