পার্টি শেষে মাঠের বাইরে নেইমার!

স্পোর্টস ডেস্ক

আগের রাতেই নিজের ২৮তম জন্মদিন উপলক্ষ্যে পার্সিয়ান এক নাইটক্লাবে জমকালো পার্টি করলেন। কিন্তু তার ২৪ ঘণ্টা পার হতেই না হতেই সব আনন্দ মাটি হয়ে গেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের।

মঙ্গলবার রাতে ফরাসি লিগ ওয়ানে ন্যান্তেসের বিপক্ষে ম্যাচ ছিল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। আর সেই ম্যাচের স্কোয়াডেই ছিলেন না নেইমার। কারণ, পাঁজোরের ইনজুরিতে পড়েছেন তিনি। দুর্ভাগ্য নেইমার, টানা তৃতীয়বারের মতো এই ফেব্রুয়ারিতেই ইনজুরি নিয়ে মাঠের বাইরে যেতে হলো তাকে।

গুঞ্জন আছে, ম্যাচের ঠিক আগের রাতে জন্মদিনের পার্টি করা নিয়েই আপত্তি ছিল কোচ থমাস টাসেলের। যদিও, তিনি তেমন গুঞ্জন উড়িয়ে দিলেন। যদিও, পার্টির ক্ষোভটা তার কথায় স্পষ্টই বোঝা গেল। বললেন, ‘ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার এটাই কি আদর্শ উপায়? না, অবশ্যই না। আবার অন্য কথায় বললে, এটা কি পৃথিবীর সবচেয়ে বাজে কাজ? না, সেটাও না। আমি সব সময় আমার খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টাই করব। কারণ, এই দলটাকে আমি ভালোবাসি। তবে, এমন পার্টিতে খেলোয়াড়দের নিরাপত্তা বলতে কিছুই থাকে না।’ নেইমার যে পার্টি করতে গিয়েই ইনজুরিতে পড়েছেন, সেটা কোচের কথাতেই পরিষ্কার। জার্মান এই কোচ বলেন, ‘এটা একটা লজ্জাজনক ব্যাপার। এই নিয়ে লোকে আমাদের নিয়ে আজেবাজে কথা বলবে। আর সেসব আমাদের মুখ বুঝে শুনতে হবে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অনেক অনেক কিছু করতে হবে। এখন যেমন আমাদের দরকারি খেলোয়াড়কে আমাদের বেঞ্চে বা বাড়িতে রেখে আসতে হচ্ছে, কারণ তারা উদ্যাপন করতে গিয়েছিলেন।’

যদিও, ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে নেইমারের ইনজুরির সঙ্গে জন্মদিনের পার্টির কোনো সরাসরি সম্পর্ক নেই। গেল শনিবারের লিগ ওয়ান ম্যাচের প্রথমার্ধেই ইনজুরিতে পড়েছিলেন বার্সেলোনোর সাবেক এই তারকা।

শুধু নেইমার নয়, কোচ টাসেলকে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের ব্যাপারেও প্রশ্নের মুখে পড়তে হয়। গেল সপ্তাহে ৫-০ গোলে জয়ের দিনে মাঠেই এই শিষ্যের সাথে বাগিবণ্ডায় জড়ান এই কোচ। টাসেল বলেন, ‘তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আর এসব তো মাঠে হবেই। আসলে ঐ সময় সে মাঠ ছেড়ে বের হতে চাচ্ছিল না। কিন্তু, আমার ওকে বের করে আনার যৌক্তিক কারণ ছিল। আমি চাইছিলাম, অন্য খেলোয়াড়দের সুযোগ করে দিতে।’