স্পোর্টস ডেস্ক
সেরেনা উইলিয়ামসকে নিজের কৌশল বদলানো এবং বাস্তবতার মুখোমুখি হওয়ার পরামর্শ দিলেন তার কোচ প্যাট্রিক মৌরাটোগলু। মা হওয়ার পর টেনিস কোর্টে ফেরা সেরেনার দীর্ঘদিন কোন গ্র্যান্ডস্ল্যাম ট্রফি জিততে না পারার পরিপ্রেক্ষিতে এই মত দেন তিনি।
আমেরিকান এই টেনিস তারকা ২০১৭ সালের সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্মদানের পর ফিরে এসে চারটি গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে পরাস্ত হন। সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েন ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জেতা ৩৮ বছরের সেরেনা।
অথচ তার সামনে সুযোগ ছিল মার্গারেট কোর্টের রেকর্ড ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের কৃতিত্বের সমকক্ষ হওয়ার। সে বন্ধ্যাত্ব এবার ঘোঁচানোর সংকল্প ছিল যুক্তরাষ্ট্রের এই তারকার। কিন্তু বছরের গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডেই তাকে বিদায় নিতে হয় চীনের ওয়েং কিয়াংয়ের কাছে হেরে। কোচ প্যাট্রিক এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের এ সত্যটা মেনে নিতে হবে যে এটা (বর্তমান কৌশল) কাজ করছে না।’ বিবিসি স্পোর্টকে তিনি বলেন, ‘হয়তোবা ভিন্ন এক আঙ্গিক, ভিন্ন এক কৌশল ও ভিন্ন লক্ষ্য নিয়ে ফিরলে তার পক্ষে এটা সম্ভব হতে পারে।’ নিজের খেলোয়াড়টির বর্তমান মানসিকতাও তুলে ধরেন ২০১২ সাল থেকে সেরেনার কোচ প্যাট্রিক। তার কোচিংয়ে ১০টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন সেরেনা। প্যাট্রিক বলেন, ‘সে ইতিবাচকতা অনুভব করে, সে নেতিবাচকভাবেও ভাবে। কারণ সে যখন কোনো গ্র্যান্ডস্ল্যাম জিততে পারে না, সেটা একটা ব্যর্থতাই। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। তবে সে এটা করতে পারবে মনে করে ইতিবাচকই থাকছে। নইলে সে সম্ভবত আর টেনিস কোর্টে থাকতেন না।’
এত কিছুর পরও আশাবাদী কোচ প্যাট্রিক। তিনি বলেন, ‘তার বিশ্বাস সে এটা সম্ভব করতে পারবে এবং আমিও তাই বিশ্বাস করি। সে এটা থেকে বেশি দূরে নেই, কিন্তু এ জন্য আমাদের কিছু ব্যাপার বদলাতে হবে।’
আমেরিকান টেনিস তারকা বলেছিলেন, কিয়াংয়ের কাছে হারের কারণ ছিল পেশাদার ক্রীড়াবিদ হিসেবে স্বাভাবিকের চেয়ে বেশি ভুল করা। যদিও জানুয়ারির শুরুতে তিন বছর পর প্রথম শিরোপা জিতেছিলেন সেরেনা। মা হওয়ার পর বিবেচনাতেও এটি হলো তার প্রথম শিরোপা। সব মিলিয়ে ৭৩তম ডব্লিউটিএ শিরোপা। কিন্তু কোচও স্বীকার করেন মেলবোর্নে সেরেনার পারফর্মেন্স ছিল ‘হতাশাব্যঞ্জক’। তিনি বলেন, ‘আমরা এত তাড়াতাড়ি হেরে যাব কিংবা আদৌ হারবো এমনটা ভাবিনি।