মালয়েশিয়ার বাজারে তৈরি পোশাকের শুল্কমুক্ত সুবিধা গ্রহণের আহ্বান

ইত্তেফাক রিপোর্ট

তৈরি পোশাক শিল্পে মালয়েশিয়ায় শুল্কমুক্ত বাজার সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) প্রেসিডেন্ট রাকীব মোহাম্মদ ফখরুল। তিনি বলেন, মালয়েশিয়ায় ব্যাপক রপ্তানির সম্ভাবনা রয়েছে। শুধু জনশক্তির ওপর নির্ভর না থেকে পণ্য বহুমুখীকরণ ও রপ্তানির মাধ্যমে মালয়েশিয়ার বাজারে বাণিজ্য সম্প্রসারণ করা সম্ভব। বিএমসিসিআই এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) মধ্যে গতকাল অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আহ্বান জানান। চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বিএমসিসিআইয়ের প্রেসিডেন্ট রাকীব মোহাম্মদ ফখরুল (রকি), সদস্য রেজাউল আহসান, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল সামাদসহ উভয় সংগঠনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

সভায় মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বিষয়ে নানা চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে। বিএমসিসিআইয়ের প্রেসিডেন্ট বলেন, মালয়েশিয়ার বাজারে তৈরি পোশাক ছাড়াও বাটিকের মতো অপ্রচলিত পণ্য রপ্তানির সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন শিল্প-কারখানা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিজিএমইএর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফয়সাল সামাদ তার বক্তব্যে মালয়েশিয়ার সঙ্গে স্বাক্ষরিত এফটিএর কথা উল্লেখ করে বাণিজ্য সম্ভাবনার বিষয়গুলো উল্লেখ করেন। মালয়েশিয়ার তৈরি পোশাক রপ্তানি বাড়াতে বিজিএমইএর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার বিষয়টি তিনি উল্লেখ করেন।

বৈঠকে অন্যদের সঙ্গে রুমানা ফ্যাশন লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক রুমানা রশিদ, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট এবং ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম.এ. রহিম (ফিরোজ), বিজিএমইএ অতিরিক্ত সচিব (ট্রেড প্রমোশন) নুর মোহাম্মদ আমিন রাসেল, বিএমসিসিআই ট্রেজারার সৈয়দ মইনুদ্দিন আহমেদ, বিএমসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসাইনসহ চেম্বারের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।