ইত্তেফাক রিপোর্ট
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসরে চারটি পুরস্কার পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মেলায় প্রতিবারের মতো এবারও সর্বোচ্চ পরিমাণ ভ্যাট দিয়েছে ওয়ালটন। এরই স্বীকৃতিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে পেয়েছে শীর্ষ ভ্যাটাদাতার দুটি পুরস্কার। এছাড়া মেলায় দৃষ্টিনন্দন ও শৈল্পিক ডিজাইনের প্যাভিলিয়ন তৈরি করায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান মার্সেল পেয়েছে সেরা সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কার। সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে ওয়ালটন।
আয়োজক সংস্থা ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মার্সেলের পক্ষে সেরা সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা। ওয়ালটনের পক্ষে সেরা ভ্যাটদাতা ক্যাটাগরির প্রথম পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর। এছাড়া সেরা প্রিমিয়ার প্যাভিলিয়নের দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. মুজাহিদুল ইসলাম।