রংপুরে ধর্ষণ মামলায় গৃহশিক্ষক গ্রেফতার

রংপুরে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক সোহেল রানাকে গ্রেফতার করেছে হারাগাছ মেট্রোপলিটন থানা পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এদিন বিকালে ভুক্তভোগী ধর্ষিতার পরিবারের মামলা নেয় (মামলা নং-০১) হারাগাছ থানা পুলিশ। রাতে অভিযান চালিয়ে গৃহশিক্ষক সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগ ও ধর্ষককে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হাতে তুলে দেওয়ার ঘটনায় হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদেরকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গত শনিবার হারাগাছের চোরমারা বটেরতল এলাকায় গৃহশিক্ষক সোহেল রানা কৌশলে কলেজছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ঐ কলেজছাত্রীর অভিভাবকরা পুলিশে খবর দিলে পলাতক শিক্ষককে আটক করে পুলিশ। একই সঙ্গে ঐ কলেজছাত্রীকে উদ্ধার করে হারাগাছ থানায় নিয়ে যাওয়া হয়।