আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বাস দুর্ঘটনায় আহত ৩৩
ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন জন শিক্ষার্থী, এক জন শিক্ষক ও এক জন পুলিশ সদস্য রয়েছেন। গতকাল মঙ্গলবার ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকামুখী কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে অপর মেয়ে ঢাকায় চিকিত্সা নিচ্ছে। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার খোন্দকার দেলোয়ার হোসেন কলেজের শিক্ষক হেদায়াতুল হক (৪৫), হেদায়াতুল হকের মেয়ে সারা পারভিন (৪)। গোলড়া হাইওয়ে থানার ওসি লুত্ফর রহমান এ তথ্য জানান।
পঞ্চগড় প্রতিনিধি জানান, গতকাল বোদা উপজেলার বড় ইউনিয়নের ব্রহ্মতাল পাড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় অনুপ চন্দ্র রায় (১৪) নামে এক অষ্টম শ্রেণির ছাত্র নিহত হয়েছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় রিমন (৯) নামে এক ছাত্র নিহত হয়েছে। রিমন কানসাট বিশ্বনাথপুর নূরানী মাদরাসার ছাত্র ও একই এলাকার শিবনারায়ণপুর গ্রামের মিঠুনের ছেলে। ক্লাস শেষে গতকাল বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকায় গতকাল ট্রাকচাপায় সাইদুল ইসলাম (৪২) নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি উপজেলার চরশির্তা গ্রামে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, পাটকেলঘাটার শাকদাহ এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দ্বীপজয় সাধু (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শাকদাহ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সাধু স্থানীয় তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর ছেলে ও পাটকেলঘাটা কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
তানোর (রাজশাহী) সংবাদদাতা জানান, তানোরে যাত্রীবাহী বাস উলটে এক বৃদ্ধসহ দুই জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। গতকাল উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের বুড়াবুড়িতলা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা লেগে রাস্তার পাশে জমির ভেতর উলটে যায়।
স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল এ ঘটনা ঘটে। মৃতের বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত মাসুদ রানা হূদয় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের শুয়ারখিল গ্রামের আবদুল কাদেরের ছেলে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে লরির ধাক্কায় আবুল হোসেন (৬০) নামে কাভার্ড ভ্যানের এক হেলপার নিহত হয়েছেন। গত সোমবার রাতে মোগড়াপাড়া চৌরাস্তার বাড়ীচিনিস এলাকায় আফিয়া সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, গতকাল সকালে আশুলিয়া বসুন্ধরা মডেল হাই স্কুলের ৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস ধামরাই উপজেলার কুশুরা কেন্দ্রে যাচ্ছিল। পথে উপজেলার কালামপুর বাজারের পশ্চিম পাশে বাটুলিয়া এলাকায় বাসটির সামনের চাকা ফেটে যায়।