মিয়ানমারের সহযোগিতা না করা দুঃখজনক ------আইসিসি পরিচালক

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরিচালক ফাকিসো মোচোচোকো বলেছেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তদন্ত অবশ্যই নিরপেক্ষ, সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ হতে হবে। আর সবকিছু নির্ভর করছে তথ্য-উপাত্ত ও প্রমাণ সংগ্রহের ওপর। অথচ মিয়ানমার এ বিষয়ে আইসিসিকে সহায়তা করছে না, যা খুবই দুর্ভাগ্যজনক। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফররত আইসিসির পরিচালক এসব কথা বলেন।

তিনি বলেন, আইসিসি বিশ্বাস করে যে মিয়ানমারে রোহিঙ্গারা অত্যাচার ও নির্যাতনের কারণে প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আইসিসি এই নির্যাতনের প্রকৃত চিত্র তুলে ধরতে চায় এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তদন্তে মিয়ানমার কোনো সহযোগিতা করছে না।

ফাকিসো মোচোচোকো বলেন, আইসিসির কাজই হলো অপরাধের তদন্ত করা এবং সত্য উপস্থাপন করা। কোনো রাষ্ট্র আইসিসির সদস্য হোক বা না হোক, তাতে কিছু যায় আসে না। গত নভেম্বরে আইসিসির বিচারকের নির্দেশ পাওয়ার পর প্রসিকিউটরদের দায়িত্ব হচ্ছে রোহিঙ্গা নির্যাতনের বিচার নিশ্চিত করা। আমাদের অবশ্যই তদন্ত করে বের করতে হবে যে কারা রোহিঙ্গাদের হত্যা করেছে, কারা এই নিপীড়ন-নির্যাতনের পরিকল্পনার সঙ্গে জড়িত, কারা রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করেছে। এরই মধ্যে আইসিসি তদন্ত শুরু করেছে। তাই মিয়ানমারের কাছে আবারও জোরাল আবেদন, সুষ্ঠু ও নিরপক্ষ তদন্তের স্বার্থে আইসিসিকে সহযোগিতা করুন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিরাজ করছে, তাতে আইসিসি বাধা হয়ে দাঁড়াবে না। রোহিঙ্গা প্রত্যাবাসন দেরি হলেও প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। উল্লেখ্য, আইসিসির প্রতিনিধি দল গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসেন। তারা দেশের বিভিন্ন জায়গা সফর করেছেন।