আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে তাবিথ-ইশরাক

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে গতকাল মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ঢাকার সদ্যসমাপ্ত দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল। তারা আহত সাংবাদিক সুমন এবং যুবদল নেতা মো. সাদ্দাম হোসেনের সঙ্গে কথা বলেন ও তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় ইশরাক বলেন, নির্বাচনের তিন-চার দিন আগে আমাদের প্রচারণায় যে হামলা হয়েছিল সেখানেও তিন জন সাংবাদিক আহত হয়েছিলেন। তাবিথ বলেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কারো ওপর হামলা করা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে বলা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা সকলের জন্য বজায় রাখাতে। এ রকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে। এ বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে, আহত করে এবং নির্বাচন কমিশনারের ওপর থেকে বিশ্বাসের জায়গা আরো বেশি দূরে ঠেলে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।