নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। গত সোমবার রাতে উপজেলা পিরোজপুর ইউনিয়নের পাচানী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচ জন আহত হয়। সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করে। ভাঙচুর হয় স্থানীয় আওয়ামী লীগের অফিসেও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার উভয় পক্ষের অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার হযরত আলীর ছেলে স্থানীয় আওয়ামী লীগের কর্মী জলিল ও মাসুদের সঙ্গে গত সোমবার বিকালে পার্শ্ববর্তী এলাকার জাতীয় পার্টির সমর্থক কুদ্দুস মিয়ার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক হয়। এর জের ধরে সোমবার রাতে উপজেলা পাচানী এলাকায় জলিলের লোকজন কুদ্দুস মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা একে অপরের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও ঐ এলাকার স্থানীয় আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে। সংঘর্ষে মনির মেম্বার, কুদ্দুস, জাহাঙ্গীরসহ পাঁচ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।