যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ককাসের ভোট শুরু হয়েছে সোমবার। আইওয়া অঙ্গরাজ্যের মাধ্যমে এটি শুরু হয়। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের প্রার্থী মনোনয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে রিপাবলিকান দলে প্রেসিডেন্ট ট্রাম্প জয়ী হলেও কারিগরি ত্রুটির কারণে ডেমোক্র্যাটদের ফল ঘোষণা করা হয়নি। যদিও তারা বলছেন, স্থানীয় সময় মঙ্গলবারের মধ্যেই ফল পাওয়া যাবে। ডেমোক্র্যাটরা জানিয়েছেন, অ্যাপে ত্রুটি থাকায় ফল প্রকাশ করা সম্ভব হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ডেমোক্র্যাটদের ভোট হাতে গণনা করে ফল ঘোষণা করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় নিজের জয়ের কথা ঘোষণা করেছেন। ৯৭ শতাংশ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। ফল ঘোষণা না করা হলেও ডেমোক্র্যাটের ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স নিজেকে জয়ী দাবি করেছেন। আর পিটি বুটিগিয়েগ বলেছেন, আগামী ১১ ফেব্রুয়ারিতে নিই হ্যাম্পশায়ারের নির্বাচনে তিনিই জয় পাচ্ছেন। -রয়টার্স ও বিবিসি