জ্যাকব জুমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। বিচারক জানিয়েছেন, মঙ্গলবার আদালতে হাজির হতে না পারায় সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছাড়া আর কোনো পথ খোলা নেই।

সিএনএনের খবরে বলা হয়েছে, জুমার আইনজীবী দল আদালতে জানিয়েছিল যে- তিনি চিকিত্সার জন্য দেশের বাইরে আছেন। কিন্তু পিটারমারিত্জবার্গ হাই কোর্টের বিচারক ধায়া পিল্লাই জানান, এক্ষেত্রে দেওয়া ডকুমেন্টের ব্যাপারে তিনি সন্দিহান। একজন ডাক্তার ডকুমেন্টে সই করেছেন কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিচারক বলেন, আদালতের কাছে প্রমাণ দরকার। বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে হবে যে- জুমা প্রকৃতপক্ষে অসুস্থ। এই পরোয়ানা আগামী ৬ মে পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী তারিখে জুমাকে আদালতে হাজিরা দিতেই হবে। জুমার বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি, মানি লন্ডারিংসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। যদিও জুমা এসব অভিযোগ অস্বীকার করেছেন।