ভয়ে বাঘটি মেরেই ফেললো এলাকাবাসী

সারাদিন বাঘটি পাহারায় রেখেছিলো এলাকাবাসী। দুপুরে রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে খবর দেয়া হয়। কথা ছিলো তারা বাঘটি উদ্ধার করে নিয়ে যাবেন। কিন্তু নির্ধারিত সময়েও তাদের দেখা মেলেনি। অবশেষে সন্ধ্যা নেমে এলে ভয়ে থাকা এলাকাবাসী বিরল প্রজাতির চিতা বাঘটিকে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থলে পুলিশ থাকার পরও প্রাণে রক্ষা করা যায়নি ‘অতিথি বাঘটিকে’।

 

জানা গেছে, শনিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দলুয়াপড়া গ্রামে দেখা মেলে বাঘটির। ওই গ্রামের একটি নালা নদীর ঝোঁপে বাঘটি আটকে ছিল। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষজন চিতা বাঘটি দেখতে ঘটনাস্থলে ভিড় করে। উত্সুক জনতার ভিড় সামলাতে ঘটনাস্থলে বোদা থানার পুলিশও মোতায়েন করা হয়।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণ করবে ১৬ দেশ ও সংস্থা

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, রংপুর চিডিয়াখানা থেকে লোকজন এসে বাঘটিকে ভ্যাসিন স্যুটিং করে অজ্ঞান করে নিয়ে যাওয়ার কথা ছিলো। তাই পুলিশ ও এলাকাবাসীরা বাঘটি ঘেরাও করে রাখে। সন্ধ্যা নামার সাথে সাথে বাঘটি ঝোঁপ থেকে পালিয়ে যাওয়ার সময় হামলা করতে পারে বলে এলাকাবাসী ভয়ে বাঘটিকে পিটিয়ে হত্যা করে। পরে বোদা থানার পুলিশ মৃত বাঘটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকাবাসীর ধারণা, ভারতীয় সীমান্ত দিয়ে চিতা বাঘটি বাংলাদেশে প্রবেশ করেছিলো।

 

ইত্তেফাক/এএম