ইত্তেফাক রিপোর্ট
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করছে সরকার। এজন্য তৈরি করা হয়েছে ‘এসডিজি ট্র্যাকার’। এই ট্র্যাকারে নিয়মিত তথ্য দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে। গতকাল বুধবার ‘এসডিটি ট্র্যাকার এবং এসডিজি লোকালাইজেশন’ বিষয়ক সেমিনারে এ তাগিদ দেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিবিএস’র মহাপরিচালক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) জুয়েনা আজিজ। আরো উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। সভায় বক্তারা বলেন, এসডিজির সামগ্রিক অর্জন দৃশ্যমান করতে একদিকে যেমন তথ্য প্রদানকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি তথ্য অনুমোদনকারীর ভূমিকাও গুরুত্বপূর্ণ।
সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এসডিজি তথ্য-উপাত্তের উত্স বিবেচনায় নিলে প্রায় ৫৫ শতাংশ ডাটা বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) হতে আসবে। তাজুল ইসলাম বলেন, এসডিজি অর্জন ও উন্নত সেবা দেওয়া নিশ্চিত করার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং দপ্তর সংস্থাগুলোর মধ্যে কার্যকরী সমন্বয় থাকতে হবে।