হসপিটাল ফার্মেসি কী ও কেন?

বয়সের ভারে হোক কিংবা মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে আপনি যখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তখন ডাক্তারের পাশাপাশি একটি অভিজ্ঞ টিম আপনাকে সার্বক্ষণিক মনিটর করবে বা করার জন্য কাজ করে যাবে। ডাক্তারের প্রেসক্রাইব করা কোনো ওষুধে অসংগতি কিংবা স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা থাকলে তা ডাক্তারের সঙ্গে আলোচনা করে আপনার নিরাপদ ও কার্যকর ওষুধ প্রদানে কাজ করবে একদল ওষুধ বিশেষজ্ঞ। প্রেসক্রাইব করা ওষুধ আপনার ক্রয়ক্ষমতার বাইরে হলে একটি টিম আপনাকে ক্রয়সীমার মধ্যে কার্যকর ওষুধ গ্রহণে সহায়তা করবে। চিকিত্সা চলাকালে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, ওষুধের যথা ব্যবহারবিধি ও খাদ্য গ্রহণসহ সার্বিক দিকনির্দেশনা দিতে একটি টিম কাজ করবে। হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে কার্যকর ওষুধ সরবরাহ ও বিতরণে কাজ করবে একটি বিশেষ টিম। স্বাস্থ্যসেবায় নিবেদিতপ্রাণ ঐসব টিমের গর্বিত সদস্যদের ফার্মাসিস্ট বলে। বিশ্বের উন্নত দেশসমূহে, এমনকি আমাদের প্রতিবেশী অনেক দেশে হসপিটাল ফার্মেসি চালু রয়েছে। বাংলাদেশে যথেষ্ট যোগ্য ফার্মাসিস্ট থাকা সত্ত্বেও এখন পর্যন্ত হসপিটাল ফার্মেসির কার্যক্রম শুরু হয়নি। ফলে বেশিরভাগ ফার্মাসিস্ট পাড়ি জমাচ্ছেন উন্নত দেশগুলোতে। এতে দেশের স্বাস্থ্যখাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জাতীয় স্বার্থে হসপিটাল ফার্মেসি কার্যক্রম চালু করা একান্ত জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তানভীর আহমেদ রাসেল

শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ, কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়