স্পোর্টস রিপোর্টার
শেষ পর্যন্ত আসবেন কি না—এ আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বসুন্ধরা কিংসে খেলতে গতকাল সকালে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা মেসির সতীর্থ ফুটবলার হার্নান বারকোস।
যদিও লিগের প্রথম পর্বে খেলতে পারবেন না বারকোস। তারপরও এ নিয়ে দুঃখ নেই বসুন্ধরা কিংসের। মার্চে বসুন্ধরার হয়ে এএফসি কাপ ফুটবলে খেলাটাকে মূল লক্ষ্য করেই ঢাকায় এসেছেন মেসি সতীর্থ।
গতকাল সকালে বিমানবন্দরে প্রথম দেখাতেই বসুন্ধরার জার্সি গায়ে তুলে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের সঙ্গেও তিনি খুব কমই কথা বলেছেন। তবে এতো দূরের দেশে ফুটবল খেলতে এসে সেটাকে রোমাঞ্চই মনে করছেন তিনি। আর্জেন্টিনা ছাড়াও ব্রাজিল, পর্তুগালসহ অনেক দেশে বড়ো অঙ্কের পারিশ্রমিকে খেলেছেন।
তারপরও বাংলাদেশের মতো দেশে খেলতে আসা নিয়ে বারকোস বললেন, ‘এটা আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ। অতীতে অনেক দেশেই আমি সফল হয়েছি। এখানেও সফল হতে চাই। রাশিয়া বিশ্বকাপে খেলেছেন কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেস, অসাধারণ একজন ফুটবলার। এখন আমরা একসঙ্গে খেলব। তার সঙ্গে আগে কোনো দিন খেলিনি। তবে আমি আশা করি, আমাদের জুটি বেশ ভালো হবে।’
এদেশের ফুটবল প্রসঙ্গে বারকোস বললেন, ‘ইন্টারনেটে আমি বাংলাদেশের ফুটবল সম্পর্কে খোঁজখবর নিয়েছি। তাছাড়া কোচের সঙ্গেও আমার দীর্ঘ আলোচনা হয়েছে। কোচ বলেছেন, এটা ভালো একটা লিগ। প্রতিযোগিতা আছে অনেক। এটা একটা নতুন চ্যালেঞ্জ হবে আশা করি।’
বসুন্ধরা কিংসের সূত্রে জানা গেছে, বারকোস স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে বলেছেন তোমার খেলোয়াড়দের বলে দিও ওরা যেন বলটা ডিবক্সের মধ্যে ফেলে। বাকি কাজটা করার দায়িত্ব আমার।
বারকোস ১০ মাসের চুক্তি করবেন। আরো জানা গেছে—৪৫ হাজার ডলার মাসিক বেতন পাবেন তিনি। এএফসি কাপ ছাড়াও প্রিমিয়ার লিগের ফিরতি পর্ব, স্বাধীনতা কাপ ফুটবলের ম্যাচ খেলবেন। তবে সেটি আগামী নভেম্বর পর্যন্ত হতে হবে।
মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে তার সাবেক সতীর্থ বললেন, ‘মেসি কেমন ফুটবলার এটা বলার অপেক্ষা রাখে না। সে অসাধারণ একজন ফুটবলার। খুবই উঁচু মানের। মেসির সঙ্গে খেলাটা ছিল আমার জন্য সৌভাগ্যের। ২০১২ ও ২০১৩ সালে তার সঙ্গে খেলেছি। মেসির সঙ্গে খেলাটাই আমার জীবনের সেরা সময় ছিল। তবে তা অনেকটা পিছনে ফেলে এসেছি। এখন আমাকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।’
বসুন্ধরা কিংস নিয়ে এই আর্জেন্টাইন বলেন, ‘শুনেছি নতুন দল; কিন্তু অসাধারণ। তারা চ্যাম্পিয়ন দল। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আমি ক্যারিয়ার জুড়েই অসাধারণ সব ক্লাবে খেলেছি। আরো একটা দারুণ ক্লাবে খেলার অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। এই ক্লাবে এসে আমি দারুণ আনন্দিত।’