চাকুরি খোঁয়াতে পারেন আবিদাল
স্পোর্টস ডেস্ক
কোচ বদলেছে, পারফরম্যান্স বদলায়নি লিওনেল মেসিদের। এরমধ্যে কাটা ঘাঁয়ে নুনের ছিটা হয়ে হাজির হলো নতুন উত্পাত। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার অন্দরমহলে এখন তীব্র অশান্তির আগুন।
ঘটনার সূত্রপাত ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের এক সাক্ষাত্কারের জের ধরে। খেলাধুলা বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টয়ের কাছে আবিদাল দাবি করেন, আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করার পেছনে মূল কারণ ছিল খেলোয়াড়দের মাঠের বাজে পারফরম্যান্স। এমনকি খেলোয়াড়দের নিবেদন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এমন মন্তব্যটা মেনে নিতে পারেননি মেসি। তিনি উলটো সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ক্ষোভ ঝেড়েছেন সাবেক বার্সা সতীর্থ আবিদালের ওপর। সাক্ষাত্কারে আবিদাল বলেন, ‘অনেক খেলোয়াড়ই খুশি মনে পরিশ্রম করতে রাজি নয়। এমনকি তাদের মধ্যে যোগাযোগের ঘাটতিও ছিল। যদিও, খেলোয়াড় আর কোচের মধ্যে ড্রেসিংরুমে সম্পর্কটা মন্দ ছিল না। তবে, সেখানে কিছু একটা সমস্যা যে ছিল সেটা একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার কাছে পরিষ্কার ছিল। তাই আমি ক্লাবকে সেটা জানাই। নিজেরা চিন্তা করি, আর (ভালভার্দেকে বরখাস্তের) চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই।’
এমন মন্তব্যের পর মেসি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। মেসি অকপটে স্বীকার করে নিয়েছেন, সাম্প্রতিক সময়ে তারা খেলার মাঠে বাজে সময় কাটাচ্ছেন। একই সঙ্গে তিনি একবিন্দুও ছাড় দেননি আবিদালকে।
মেসি বলেন, ‘সত্যি কথা বলতে, এসব আলোচনাই আমার পছন্দ নয়। তবে, আমি মনে করি এই সিদ্ধান্ত যারা নিয়েছে, যাদের ওপর এই দায়ভার অর্পিত, তাদের সেটার ব্যাখ্যা দেওয়ার মতো সত্ সাহস থাকা উচিত। মাঠে যা হয়েছে, তার জন্য অবশ্যই খেলোয়াড়রাই দায়ি। হ্যাঁ, প্রথমেই আমরা এটা স্বীকার করে নিচ্ছি যে, একটা বাজে সময় কাটাতে হচ্ছে আমাদের। তবে, এর মানে এই নয় যে স্পোর্টস বিভাগের শীর্ষ পদে থাকা কর্তারা যা সিদ্ধান্ত নিয়েছেন তার দায়-দায়িত্বও আমাদেরই নিতে হবে।’
এর মধ্য দিয়ে বার্সেলোনা ও মেসির মধ্যকার সম্পর্কের আরো এক ধাপ অবনতি হলো। ৩২ বছর বয়সি এই আর্জেন্টাইনের সঙ্গে কাতালান ক্লাবটির মেয়াদ আগামী ২০২১ সাল পর্যন্ত। ক্লাব কর্তৃপক্ষ নতুন চুক্তি করতে প্রস্তুত। কিন্তু, বর্তমান অবস্থা বজায় থাকলে মেসি আদৌ নতুন চুক্তি করতে রাজি হবেন কি না, সে নিয়ে সন্দেহ থাকছেই। সেক্ষেত্রে মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই! এই অবস্থায় গত মঙ্গলবার বার্সেলোনাতেই ছিলেন না ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তেমিউ। তবে, বুধবার ক্লাবে ফিরেই তিনি বৈঠক করেছেন এরিক আবিদাল। উদ্দেশ্য একটাই ক্লাবের চলমান অশান্তিকর অবস্থা সামাল দেওয়া। এই বৈঠকের ওপরই মেসি, আবিদাল ও এমনকি বার্সেলোনার ভবিষ্যত্ও জড়িয়ে আছে। এমনও শোনা যাচ্ছে যে, আবিদাল নিজেই পদত্যাগ করে বসতে পারেন। সেটা হলে, কার্যত মেসি অধ্যায় আরো লম্বাই হবে বার্সেলোনায়। তবে, যদি না হয় তাহলে মেসির ক্ষোভ নিঃসন্দেহে আরো বাড়বে। প্রিয় বন্ধু সুয়ারেজ মাঠের বাইরে চলে যাওয়ায় এমনিতেই মাঠে সুদিন হারিয়েছেন মেসি, এখন বার্সেলোনায় তার মাঠের বাইরের জীবনেও শান্তি না থাকলেন বলাই যায়, ক্লাবটির কফিনে শেষ পেড়েক ঠুঁকে যাওয়াটা খুবই আসন্ন!