নেইমারের অভাব ভোলালেন ডি মারিয়া

প্যারি সেন জার্মেই গত মঙ্গলবার রাতে নতের বিরুদ্ধে জিতে ফরাসি লিগে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে ১৫ পয়েন্টে এগিয়ে গেল। মাউরো ইকার্দি ও থিলো খেহরের পিএসজির ২-১ জয়ে গোল দুটি করলেও ফরাসি চ্যাম্পিয়নদের এদিনের সাফল্যে বড়ো অবদান ছিল ডি মারিয়ার। দলটি এদিন নেইমারকে ছাড়া খেলতে নামলেও আর্জেন্টাইন উইঙ্গারটির নৈপুণ্যেই টানা সপ্তম জয় তুলে নেয়। নেইমার নিজের ২৮তম জন্মদিনের পরপরই ইনজুরিতে পড়েন। তাতে কোনো সমস্যা হয়নি। কেননা, ডি মারিয়ার ক্রস শটে স্বদেশি ইকার্দি ছয় খেলায় নিজের প্রথম গোলটি করে দলকে এগিয়ে দিয়েছিলেন। এরপর দলের ব্যবধান দ্বিগুণ করা জার্মান ডিফেন্ডার খেহরের গোলটিও আসে ডি মারিয়ার কর্নার থেকে। এটি ছিল চলতি মৌসুমে সব মিলিয়ে পিএসজির ১০০তম গোল।