মুশফিক-ইমরুল
স্পোর্টস রিপোর্টার
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলতে পারেননি মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। আগামীকাল শুরু হতে চলা দ্বিতীয় রাউন্ড থেকে মাঠে নামবেন দুই অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিক খেলবে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে, আর ইমরুল খেলবেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে। গতকাল দ্বিতীয় রাউন্ডের জন্য ঘোষিত দলগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের নাম।
জাতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ায় বিসিএলের চার দলেই কিছু পরিবর্তন এসেছে। দক্ষিণাঞ্চলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান ও ইরফান শুক্কুর। উত্তরাঞ্চলে মুশফিকুর রহিম, রিশাদ হোসেন এবং মধ্যাঞ্চলে আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব, শাহনাজ আহমেদ সুযোগ পান।
সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল দলে। প্রথম রাউন্ডে তামিম ইকবালের ট্রিপল সেঞ্চুরি ও নাঈম হাসানের ঘূর্ণিতে জিতেছিল পূর্বাঞ্চল। ঐ জেতা ম্যাচের একাদশের ছয় ক্রিকেটার হারিয়েছে দলটি। নতুন করে সাত ক্রিকেটারকে দলভুক্ত করেছে দক্ষিণাঞ্চল। ইমরুল কায়েস, নাসির হোসেন, মাহমুদুল হাসান লিমন, রাহাতুল ফেরদৌস, রেজাউর রহমান, সাকলাইন সজীব, নোমান চৌধুরী খেলবেন দক্ষিণাঞ্চলের হয়ে।