বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের একটি পরীক্ষা কেন্দ্রে চলমান ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ২০১৮ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। এ অভিযোগে কেন্দ্র সচিবসহ দায়িত্বে থাকা সাত জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার। গত সোমবার অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় উপজেলা নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে নতুন কয়েক জন পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। অব্যাহতিপ্রাপ্তরা হলেন, নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব আ. আহাদ, হল সুপার গোলাম জিলানী, হল সুপার আ. হান্নান, কক্ষ পরিদর্শক সজিব সরকার, কক্ষ পরিদর্শক জিয়াউর রহমান, কক্ষ পরিদর্শক সুহেল মিয়া, কক্ষ পরিদর্শক মনির হোসেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের রোল নম্বর শিক্ষাবোর্ডে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাহী কর্মকর্তা মেহের নিগার জানান, দায়িত্বদের ভুলের কারণেই এমন ঘটনা ঘটেছে। সন্ধ্যায় তাদেরকে কেন্দ্র থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।